উনিশ শ' সাতানব্বইয়ের জানুয়ারির সকাল। নাইলনের পর্দা আর কাচের শার্শী ভেদ করে বাইরের তুষারঝড়ের মাতামাতি দেখা যাচ্ছে। ব্যারোমিটারে টেম্পারেচার যা-ই দেখাক বাইরে আসলে চলছে মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস। স্টকহোম শহর হলেও এই বাড়িটা পড়েছে ডালারনা কাউন্টিতে। এলাকাটা শহরের একেবারে উত্তরপ্রান্তে। বাথরুমের দরজা খোলা রেখে স্ট্রাউস ওডারম্যান শেভ করছিলেন। বাঁ গালের কাজ শেষ হয়েছে।
এবার ডান গালে রেজর ছোঁয়াবেন। আজ রোববার হলেও একটু পর একটা কাজে বাইরে বের হবেন তিনি। কাল বেশ রাত করে বাসায় ফিরেছিলেন। গাড়িটা বাইরেই রেখেছিলেন। গ্যারেজের দরজায় গতকালই কী একটা সমস্যা দেখা দিয়েছে। মিস্ত্রি পাওয়া যায় নি। এর মধ্যে গাড়িতে বেশ বরফ জমেছে। ওগুলো পরিষ্কার করতে হবে। ওডারম্যানের মাথায় এই চিন্তাটা চলছিল।