ব্রহ্মপুত্র নদীর তীরের ইসলামপুর শহর। এই শহরের কুমারপাড়ায় আজ থেকে কমপক্ষে দু'শ বছর আগে গড়ে উঠেছিল মৃৎশিল্প পল্লী। প্রাচীন যুগে পাল বংশীয় মৃৎশিল্পীদের নিপুণ হাতের তৈরি মাটির বাসন কোশন সমাজের সর্বস্তরেই সমাদৃত ছিল। তখনকার দিনে মানুষের নিত্য সঙ্গী ছিল মাটির তৈরি হাঁড়ি-পাতিল, ঢাকুন, পুসুন, ঝাঁজর, কড়াই, সরা, সুরাই, ঘটি-বাটি, কাদা, কলস ও চাড়িসহ বিচিত্র তৈজসপত্র।
এছাড়াও হুক্কা, কলকি, দিপালি, মলকে, কোলা, পুতুল, জালের কাঠি, ফুলদানি ও ফুলের টব সহ শিশুদের খেলার সামগ্রীর প্রয়োজনীয়তাও তখন মৃৎশিল্পীদের সম্মানিত করেছে। ওই সময় মৃৎশিল্পীদের ঘরে ছিল না কোনো পুঁজি সংকট। এছাড়াও কাঁচামালের সহজলভ্যতা, তৈরি মালামাল সংরক্ষণ ও বিক্রয়ের পর্যাপ্ত সুযোগ থাকায় এ শিল্পে শ্রম দিয়ে তখন সুখেই দিনাতিপাত করেছেন মৃৎশিল্পীরা। সম্প্রতি কাঁচামাল ও পুঁজি সংকটে এবং প্লাষ্টিক, মেলামাইন ও কাচের তৈরি নানা সামগ্রীর ভিড়ে অস্তিত্ব সংকটে পড়েছে ইসলামপুরের মৃৎশিল্প। আর অস্তিত্ব সংকটে পড়ায় এ শিল্পের উপর নির্ভরশীল সবার জীবন বিপন্ন হতে বসেছে।