মা ডেকে ডেকে হয়রান- নরেনের সাড়া নেই। সে এখন দুটো আধাপাকা পেয়ারা খুঁজে বের করতে মহাব্যস্ত। পদ্মা বাড়ি নেই। এই সুযোগটা কাজে লাগাতে হবে। সময়টা নরেনের জন্য ভালো। বাবার জন্য খাবার নিয়ে যেতে হবে তাকে। মার ডাকাডাকির কারণ সেটাই। কিন্তু পেয়ারা দুটো হাতে না পাওয়া পর্যন্ত সে জবাব দিতে পারছে না। পেয়ারা দুটো এই ফাঁকে হাতাতে পারলে ছোট বোন পদ্মা ওর নাগালই পাবে না। আজ হাটবার। এখন বাবার জন্য। ভেশালের খাবার নিয়ে যাবে, ফিরবে হাটের কেনাবেচা শেষ করে রাতের বেলা। ওরা যখন ফিরবে পদা ততক্ষণে থাকবে গভীর ঘুমে।