নিউজিল্যান্ড।
সেই কবেকার কথা। ১৬০০ মিলিয়ন বছর আগে বহুশ্রুত গন্ডোয়ানাল্যান্ড (Gondwanaland) ভেঙ্গে এক টুকরো আলাদা হয়ে যায়। আরো পরে পৃথিবীর নড়াচড়া, অগ্ন্যুৎপাত, জলবায়ু পরিবর্তনে নাটকীয়তা, ভূমিক্ষয় ও ভূমিগঠন, সমুদ্রসীমার উচ্চতাবৃদ্ধি ইত্যকার সব ভৌগোলিক জটিল সমীকরণ শেষে কয়েকটি দ্বীপ স্থিতি লাভ করে । প্রশান্ত মহাসাগরকে একপাশে রেখে অন্যপাশে তাসমান (Tasman) সাগরকে সাক্ষী রেখে প্রায় ১০ হাজার বছর আগে যে নবীন ভূ-খণ্ড জেগে ওঠে তার নাম নিউজিল্যান্ড ।
ওয়েলিংটন তার রাজধানী, অকল্যান্ড তার দুহিতা । জাতীয় পাখির নাম কিউই, ফলের নামও কিউই । তার নীলাকাশ, মেঘমালা, তাসমান সাগর পাড়ে উদ্বেগবিহীন গাঙচিল, ঐতিহ্যবাহী নৌকা ‘ক্যানো’, মাউরি সংস্কৃতি পরশ বুলিয়ে যায় অন্তস্তলে । এমন শান্ত সুন্দর দেশটিকে কাছে দেখার সুযোগে ভালো লাগা কিছু স্মৃতি কাগজ ও কলমের মিলনে ধরা পড়ে আনমনে । তারই নির্যাস এক ভ্রমণকাহিনী ‘সাগরকন্যা নিউজিল্যান্ড' ।