আর্ট অর্থে শিল্প শব্দটি যতই বহুল প্রচলিত হোক না কেন, এবং বিদগ্ধ সমালোচকরা যতই অনায়াস আস্থার সঙ্গে শব্দটি ব্যবহার করুন না কেন, 'শিল্প কী?' প্রশ্নটির কোনো সহজ উত্তর নেই! শব্দটির বহু বিচিত্র প্রয়োগ এর একটি কারণ। প্রথমত কাব্য, নাটক, উপন্যাস, সংগীত, চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য — এর প্রতিটিকেই শিল্প এই অভিধায় চিহ্নিত করা হয়।
এ সমস্ত শিল্পের মাধ্যম যেমন বিভিন্ন, তেমনি এদের আবেদনও বিভিন্ন ইন্দ্রিয়ের কাছে। সাহিত্যের আবেদন ভাষার মাধ্যমে আমাদের আবেগ ও মননের কাছে। তার মধ্যে কাব্য ও উপন্যাস পাঠের অপেক্ষা রাখে। নাটক নাট্যকার কর্তৃক রচিত হলেও রূপায়ণের জন্য অভিনেতার মুখাপেক্ষী এবং তার আবেদন আমাদের দৃষ্টি ও শ্রুতির কাছে। সংগীতের উপাদান মূলত সুর, কখনো-বা সুর ও ভাষার সম্মিলন এবং তা শ্রবণেন্দ্রিয়নির্ভর।