অক্ষয় কুমার মৈত্রেয় সড়কের ঠিক মাঝামাঝি পশ্চিম ধারে গাড়িতে ব্রেক কষলাম। মি. বড়ুয়া, এই হলো আমাদের বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম। মিউজিয়ামের দিকে হাত বাড়িয়ে তার দৃষ্টি আকর্ষণ করলাম। ইতোমধ্যেই উনি গাড়ি থেকে নেমে পড়েছেন। একটা দীর্ঘশ্বাস ফেলে মিউজিয়ামের দিকে নির্বাক চেয়ে আছেন। তার অনেক কিছুর মধ্যেও এই দীর্ঘশ্বাসটুকু বেশ বাজলো আমার মনে।
এ দীর্ঘশ্বাস স্বস্তির, নাকি অন্য কিছু? ঢাকা থেকে রাজশাহী সড়কপথে দীর্ঘযাত্রার ক্লান্তি শরীর-মন দুই- ই বেশ অবসন্ন করে ফেলেছে। একটা সিগারেট ধরালাম। অতঃপর পথে জড়িয়ে পড়া ভদ্রলোকটির সংবিৎ ফিরাতে বললাম, — আমি আপনার আর কোন কাজে আসতে পারি কি?