প্যারিস। প্লেস দ্যায় শেজ ফ্রাঁসিস-এর কাফে চত্বর। অলমা হচ্ছে শাঁজে লিজ আর সিন নদীর মাঝামাঝি শাইলো নামে পরিচিত প্যারিসের এক রাজকীয় এলাকা।
কাফে শেজ ফ্রাঁসিস তার প্রশস্ত চাঁদোয়ার নিচে সারি সারি টেবিল পেতে রেখেছে। এখন দুপুরের খাবারের সময়, তাই অনেকগুলি টেবিলই ভর্তি। মঞ্চের পেছনের দিকের এক টেবিলে বসে পানীয়ের গ্লাসে চুমুক দিচ্ছে এক ব্লন্ড রমণী। তার পায়ের গঠন-সুষমা চোখ ধাঁধিয়ে দেয়।
রমণী পাশের টেবিলে বসা প্রসপেক্টরের মনোযোগ আকর্ষণ করার জন্যে খুব চেষ্টা করছে। সে-ভদ্রলোক একটা গ্লাস থেকে ছোট ছোট চুমুক দিয়ে পানি খাচ্ছেন এবং পরম রসজ্ঞের মতো জিভ দিয়ে তারিয়ে তারিয়ে তার স্বাদ নিচ্ছেন। ডানদিকে, ফুটপাথে পাতা টেবিলগুলোর সামনে, প্যারিসের সুপরিচিত গতানুগতিক বেঞ্চ, বেশ মজবুত, যেখানে বসা মোটেই আরামদায়ক নয়।