কোনো দরকার না পড়লে সাধারণত আমি আমার গ্রামের বাড়ি যাই না। গ্রাম এখন আমাকে আগের মতো টানে না। তাহলে কি আমি শহরকেন্দ্রিক হয়ে গেলাম? মোটেই না। এসএসসি পাশ করে উনিশ শ' চুরাশি সালের দিকে ঢাকায় চলে আসি। কিন্তু ঢাকায় আসার মতো মনের অবস্থা আমার ছিল না। আমাকে অনেকটা জোর করে ঢাকায় পাঠিয়ে দেয়া হয়েছিল। ঢাকায় আসাটা আমার দরকার ছিল সেটা আমি অনুভব করতাম, কিন্তু মনের দিক থেকে আমার সায় ছিল না।
বিয়ে সম্পর্কে অনভিজ্ঞ কন্যাকে জোর করে যেভাবে পালকিতে তুলে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেয়া হয় আমার ব্যাপারটি অনেকটা সেরকম ছিল। কন্যাকে পালকিতে তুলে দেয়ার সময় যেভাবে চিৎকার করে কান্না জুড়ে দেয় আমি সেরকম কান্না করতে না পারলেও আমার ভেতরটা একেবারে খানখান হয়ে যাচ্ছিল। আমি চিৎকার করে কাঁদতে পারিনি, কিন্তু অনেক চোখের জল বিসর্জন দিয়েছিলাম সেটা আমার মনে পড়ে। আমি ঢাকায় এসে অনেকদিন কেঁদেছি আমার গ্রামের কথা মনে করে।