সাগরসৈকত কোন সৃষ্টিধর্মী কর্মশালা নয়। লেখাপড়া বা কোন বিষয়ে গভীর চিন্তা করার স্থান এটি নয়। অন্যান্য বছরের অভিজ্ঞতা থেকে এটা আমার স্মরণ করা উচিৎ
ছিল। এখানের পরিবেশ এতই উষ্ণ, স্যাঁৎসেঁতে ও কোমল যে, এখানে প্রকৃত মানসিক শৃঙ্খলা বা মনের অটুট জোর বজায় রাখা যায় না। এই শিক্ষা কোন ভ্রমণকারী কখনও
গ্রহণ করতে চায় না।
সে বেলাভূমিতে আসে অনেক আশা নিয়ে। সাথে বয়ে আনে তৃণনির্মিত বিবর্ণ থলিভর্তি বই, লেখার কাগজ, সুঁচালো পেনসিল, উত্তর না দেয়া পুরনো চিঠিপত্রের আটি, কাজের ফর্দ আর সুন্দর পরিকল্পনা। কিন্তু শেষে দেখা যায় বইপড়া হয় না, পেনসিলের তীক্ষ্ণতা থাকে না, লেখার প্যাড্ যেন মেঘমুক্ত নির্মল আকাশের মতই স্বচ্ছ, ওতে কালির আঁচড় নেই। আসলে এখানে লেখাপড়া এমনকি কোনো বিষয়ে মনোযোগ দেয়াও সম্ভব হয় না। প্রথমদিকে ত একবারেই নয়।