ধ্রুপদী গ্রিক কমেডির অবিসংবাদিত রাজা অ্যারিস্টোফানিস (খ্রি.পূ. আনুমানিক ৪৪৫-৩৮৫) চল্লিশটির মতো নাটক লিখলেও আমাদের কাছে এসে পৌঁছেছে মাত্র এগারোটি। আমরা তাঁর সর্বপ্রথম যে-নাটক পেয়েছি তা হল 'দি একারনিয়নস'। এটি মঞ্চায়িত হয় খ্রি.পূ. ৪২৫ সালে। নাট্যকার ওই নাটকে এথেন্সের যুদ্ধবাদী দলকে সরাসরি তীব্র আক্রমণ করেন। স্পষ্টত নাটকটির থিম যুদ্ধবিরোধী। এর চার বছর পর গ্রেট ডায়োনিসীয় উৎসবে খ্রি.পূ. ৪২১ সালে অ্যারিস্টোফানিস উপহার দেন তাঁর 'শান্তি' নাটক। নাটকের নামই ঘোষণা করে যে এর থিমও যুদ্ধবিরোধী।