পলাশ শিমুল মহুয়া বকুল রঙ্গণ কৃষ্ণচূড়া বেলী চামেলী জুঁই কামিনী হাসনাহেনা রজনীগন্ধার খুশবু ও বাহারি রঙের রামধনু-রাঙা দিনগুলোয় মনে হয় তাকে। কত যে নদী, মনু সুরমা কুশিয়ারা-খোয়াই বালিসিরার স্বচ্ছ পানি তরঙ্গ তোলে, উঁচু-নিচু সবুজ টিলা ও পাহাড়ের পেলবতা যেন সজীবতার আভাস নিয়ে দোলা দেয় মনে। যেখানে আমি জন্ম নিলাম, শৈশব-কৈশোরের স্বপ্নমাখা মায়াবী জাদুভরা দিনগুলো কেটেছে সেখানে। জেলাটির নাম শ্রীহট্ট, মহকুমা হবিগঞ্জ, মৌলবীবাজার, আর গ্রামগুলোর কত যে মধুর নাম। এই তো আমার জীবনের শ্রেষ্ঠ ধন।