শেকড়ের অস্তিত্ব নিয়ে তাবৎ বৃক্ষদের বেঁচে থাকা। তেমনি মানুষের জীবনের সাথেও রয়েছে অদৃশ্য এক অজ্ঞাত শেকড়। জীবন জীবিকার তাগিদে পৃথিবীর যে প্রান্তেই মানুষের পদচারণা হোক না কেন, সেই নাড়িপোঁতা অস্তিত্বের গহিনে ফিরে আসার উন্মত্ততায় আমৃত্যু আকুলিবিকুলি করে মানুষের অন্তর কোণ। শেকড়ের অস্তিত্ব মানুষ ভুলে গেলেও যেখান থেকে জীবন নিয়ে এসেছে, একদিন সেখানেই ফিরে যেতে হবে।
আমাদের চারপাশের পোড়-খাওয়া মানুষের জীবন ও সমাজচিত্র একনিষ্ঠ ও শৈল্পিকভাবে তুলে ধরার চেষ্টা করেছেন মুনশী সাঈদ তাঁর ‘শেকড়’ গল্পগ্রন্থে। লেখক তাঁর গল্পে সমকালীন সমাজচিন্তা তথা অর্বাচিন মানুষগুলোর হৃদয়ের গহিনে প্রোথিত শেকড়ের যে নির্যাস, তার কথকতা রূপায়ণ করার চেষ্টা করেছেন। তাতে তিনি কতটুকু সফল হয়েছেন, তা বলবেন সহৃদয় পাঠককুল।