গোধূলির রাঙা আলোয় লোহার গ্রিলের দরজায় এসে দাঁড়িয়েছে আমিরন। মীরার বিশ্ববিদ্যালয় জীবনের বিস্ময়। এক নাতিদীর্ঘ তিক্ত-কাহিনী। পরনে বেনারসি-জর্জেটের বদলে সাদা অরগান্ডি। কবজি-ছোঁয়া হাতার সাদা ব্লাউজ। খোঁপায় তুলে দেয়া ত্রিকোণ ঘোমটা, যার নিচের দুগাছি পিঙ্গল-বরণ চুল অসীম শূন্যে ডানা মেলা পাখি যেন। কী আশ্চর্য, পায়ে খুর-তোলা জুতা নেই, দু'ফিতার পাতলা চটি!
জাল সাজিস বোধ করি একেই বলে-মরচে ধরা তালা খুলতে খুলতে এক ঝলক ভাবে মীরা। এর বেশি কিছু ভাবার আগেই দরজায় ফাঁক দিয়ে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে আমিরন, পেছনে খাবারের ট্রে হাতে এক গাল হাসিসমেত তরুণী ঝি। মেয়েটা মীরার চেনা। নাম রূপবান, গেটের ভেতরের চেয়ে বাইরেই যে থাকে বেশি। পাড়ার ষণ্ডা-গুণ্ডারা যেন ওর ইয়ারদোস্ত-খোলা রাস্তায় হাতাহাতি-পাছড়াপাছড়ি করতেও কসুর করে না। একদিন এক ছোড়ার আধপোড়া সিগারেট নিয়ে মস্তিসে ফুঁক ফুঁক টান মারতেও তাকে দেখেছে মীরা। শুভ্র-বসনা আমিরন তাহলে এ রূপবানের মালকিন!