প্রায়-কৈশোরে নিয়তি আমায় ধরিয়ে দিলো রুলটানা খাতার পৃষ্ঠা আর নানা রঙের কলম। যেন সে দূর দূর অতীতের গল্প... যেন তারপর পেরিয়ে গেছে কত হাজার-লক্ষ দিনরাত্রি। এইভাবে তিতাস-গোমতী তীরে, নগরে-বন্দরে, মেঠোসড়ক-স্ট্রিটে, গাছ-ঘাস ও ইটবাগানে, ভোরসন্ধ্যাদিনরাত্রির আলো ও আঁধারে, স্বপ্নে-কল্পনায়, কাম-প্রেম-ঘামে, জীবনের মধু ও হলাহলের স্বাদ-বিস্বাদে আর মানুষের লক্ষ বছরের শরীরের ঘ্রাণস্বপ্নবেদনাপিপাসা নিয়ে এক দীর্ঘ মনোনদীতে ভেসে যাচ্ছি... পথে পথে কুড়োনো হলো যা-ফুলজল, ঘাসলতা, ছাইভস্ম, ধুলো, বিষমধু, প্রেমঘৃণা, স্বপ্নদুঃস্বপ্ন, হৃদয়, বৃক্ষ বা বাতাস...হে কাল, আমি তোমারে নিবেদন করি। তোমারে আমি ভালবাসি, ঘৃণা করি।