নদী আজো এদের স্বপ্ন। নদীর অবহেলিত উপেক্ষিত সন্তান এরা। খামখেয়ালি হৃদয়হীনা পাষাণী নদী! স্নেহ দিয়ে আশ্রয় দিয়ে কল্যাণী-মহীয়সীর মতো একদিন যাদের স্নেহের আঁচলে আবেষ্টন করেছে, আবার তাদেরই চরম উপেক্ষায় সর্বহারা করে ঠেলে দিয়েছে দূরে। তবু সেই নদী এদের আজন্মের স্বপ্ন।
নতুন পরিবেশে অচেনা জগতকে আপন করে নিতে গিয়েও এদের রক্তে ছলছল করে বেজে ওঠে ঢেউ ওঠা-পড়ার সেই মন-পাগল করা গান।
এদের সকাল, দুপুর আর রাত্রির সকল কাজের নিত্যনৈমিত্তিক সুর ছাপিয়ে প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকে পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা গোমতীর নীল সবুজের ইশারা।
গুলশান, বনানী, ধানমন্ডির অভিজাত এলাকায় যেখানে রেডিওগ্রামে উচ্চস্বরে পাগলকরা উন্মত্ত ঝড়ের নেশার মতো বিদেশি পপগান বাজে-সেখানে মিসিসিপি আর রাইনের স্বপ্ন। না, সেখানে এরা নেই! বেইলি রোডের ছায়াচ্ছন্ন নিরিবিলি পরিবেশেও পদ্মার স্বপ্ন নেই।