পোলের এপার মেকাইল অ্যান্ড সন্স। ওপারে লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার। মাঝে ভরা বর্ষার
দোলাই খাল। শুক্লপক্ষের মধ্যরাত হলেও চাঁদ ঢাকা পড়ে আছে মেঘে মেঘে। গলি
মুখে কাঠের ল্যাম্পপোস্টে জ্বলছে কর্পোরেশনের কেরোসিনের বাতি। সে আলোয়
জমাট অন্ধকার কাটেনি। ছেঁড়া ছেঁড়া হয়ে তৈরি করে রেখেছে আলো-আঁধারির
বিভ্রম। তারই ভেতর চোখ চালিয়ে মেকাইল সর্দার অপেক্ষা করছেন রুস্তমের।
সদর রাস্তা প্রায় নির্জন। বায়োস্কোপ হলেন দ্বিতীয় শো ভাঙার পর গাড়ি-
ঘোড়া উধাও। একটু আগে সামনে দিয়ে দুলকি চালে হেঁটে গ্যাছে আমুদে দর্শক।
কেউ কেউ মনের আনন্দে গেয়ে গ্যাছে জনপ্রিয় গানের দু'একটি কলি। কোনও
কোনও দোকানের ঝাঁপ তখনো খোলা ছিল। বিশেষ করে মিষ্টির দোকান। ফিরতি
পথে নতুন বিয়ে করা যুবকদের অনেকেই 'মিঠাইর খাচি' হাতে ঘরে ফিরতে
ভালোবাসে।