বেমাত্র সবাই খেতে বসেছে আর তখনই ঘটে বিপত্তি। মাসুমের দাঁতের নিচে পড়েছে একটা ছোট্ট নুড়ি পাথর। মাসুম অ্যা করে মুখের ভাতগুলো উগরে দেয় প্লেটে। এ ভাত না পাথর, এসব কি খাওয়া যায়? কথাগুলো বলতে বলতে সে টেবিল থেকে উঠে পড়ে। রান্না করার আগে চালটা একটু ঝেড়ে-বেছে নেওয়া যায় না? তাহলে তো আর এমন বিপত্তি হয় না। মাসুমের আব্বুর কণ্ঠে অভিযোগ। হ্যাঁ, যত দোষ সব তো আমার। কেন, চাল কেনার সময় হুঁশ ছিল না যে চালে পাথর থাকতে পারে? অটোমেশিনে বাছাই করা বাজারের সেরা চালটা কিনলেই তো পারতে। পাল্টা অভিযোগ মাসুমের আম্মুর।