মোহাম্মদ সিরাজুদ্দিন কাসিমপুরীর সঠিক জন্মসন নির্ণয় করা খুবই কঠিন। তাঁর এবং তাঁর পরিবারের জন্য কয়েকজন সদস্যের জন্মের সন তারিখ সম্বলিত কাগজপত্র সবই নষ্ট হয়ে গেছে। অবশ্য ১৯৭৮ সনে 'ময়মনসিংহ সাহিত্য সংসদ' নামক একটি প্রতিষ্ঠানের স্মারক পুস্তিকায় সিরাজুদ্দিন কাসিমপুরীর জন্ম তারিখ রূপে উল্লিখিত হয়েছে ১২৯৬ সনের ২৬শে আশ্বিন অর্থাৎ অক্টোবর ১৮৮৯। এই স্মারক পুস্তিকা অনুসরণ করেই সিরাজুদ্দিন কাসিমপুরীর মৃত্যুর পর নেত্রকোনা থেকে প্রকাশিত 'সৃজনী সাহিত্য পত্রিকা'র জানুয়ারি ১৯৮১ সংখ্যাতে তাঁর এ-জন্ম তারিখটিই পুনরুক্ত হয়েছে।
'বাংলা একাডেমী পত্রিকা'য় (শ্রাবণ-আশ্বিন ১৩৮৮) প্রকাশিত 'সংগ্রাহক সিরাজুদ্দিন কাসিমপুরী' শীর্ষক প্রবন্ধে জনাব সাইফুদ্দীন চৌধুরীও এই তারিখটিই মেনে নিয়েছেন। কিন্তু, বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যাবলী বিচার করে এই সন তারিখকে কিছুতেই সঠিক বলে গ্রহণ করা যায় না।