বই এর প্রথম ফ্লাপ
একদা উত্তর কলকাতার এক নিম্ন মধ্যবিত্ত | পরিবারের বালক, বর্তমানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ, প্রণব বর্ধন তাঁর এই মূল্যবান স্মৃতিকথায় আত্মগরিমায় আপ্লুত হননি। বরং নির্মোহ কৌতুকময় দৃষ্টিতে দেশে ও বিদেশে গত কয়েক দশকের ব্যক্তিগত ও সমাজজীবনকে যাচাই করে দেখেছেন। ছাত্র ও অধ্যাপক হিসেবে শিক্ষাজীবনকে যেমন কাছে থেকে দেখেছেন, তেমনি চারিদিকের বহমান জনজীবনে সমাজ, সংস্কৃতি ও রাজনীতি নিয়ে নানা চিন্তায় ঋদ্ধ স্মৃতির এই পরিক্রমণ। ফেলে-আসা দিনগুলির রসমাধুর্যের সঙ্গে প্রজ্ঞার এক অসাধারণ মেলবন্ধন ঘটেছে এই রচনায়। তাই এই বর্ণাঢ্য স্মৃতিকাহিনি এক ব্যক্তিমানুষের অন্তর থেকে উৎসারিত হয়ে ছুঁয়ে যাবে বহু মানুষের হৃদয়।