ফ্ল্যাপে লিখা কথা
আমার বিশ্ববিদ্যালয়ের আট বছরের (!) ছাত্র জীবনে আমি শ্রদ্ধেয় হুমায়ূন স্যারকে কখনো দেখেছিলাম একজন আদর্শ শিক্ষক হিসেবে, কখনো দেখেছিলাম একজন গল্পবাজ হিসেবে, কখনো দেখেছিলাম একজন নীরব শ্রোতা হিসেবে, কখনো দেখেছিলাম একজন কৌতুককার হিসেবে, কখনো দেখেছিলাম একজন ইতিহাসবিদ হিসেবে, কখনো দেখেছিলাম একজন সাহিত্যিক হিসেবে আবার কখনো দেখেছিলাম একজন সংবেদনশীল আদর্শ পিতা হিসেবে। তিনি ছিলেন অন্যধর্ম-মত-সহিষ্ণু, গণতন্ত্রমনা ও দেশপ্রেমিক এবং শতভাগ বিজ্ঞানমনস্ক আধুনিক ব্যক্তিত্ব। এত গুণের অধিকারী মানুষটি আজ আর আমাদের মাঝে নেই- ভাবতেই অ-নে-ক কষ্ট হচ্ছে। আমি লেখক নই। বিজ্ঞান আমার পেশা। তবুও সাহস সঞ্চয় করে, আমি আমার সেসকল দেখাকে একীভূত করে চেষ্টা করেছি হুমায়ূন স্যারের স্মৃতিচারণের। এই বইটি তারই প্রয়াস। তাঁর শিক্ষকতা জীবনের মধ্যেই এর সীমাবদ্ধতা। এ সকল কথা তাঁর অগণিত পাঠক এবং পাঠিকাদের অবশ্যই জানার বাইরে।
আমি বইটি সহজভাবে লিখতে চেষ্টা করেছি এবং বইটিতে অনেকগুলো ছোট ছোট কাহিনী তুলে এনেছি । আমার এই লিখা যদি মরহুম হুমায়ূন আহমেদ স্যার সম্বন্ধে পাঠক এবং পাঠিকাদের বিন্দুমাত্র উপরি ধারণা সঞ্চারণ করতে সক্ষম হয় তবে আমি নিজেকে ধন্য মনে করব।