শো, ডোন্ট টেল
(লেখালেখির কলাকৌশল)
আপনার গল্প কি পাঠকের বুকে কাঁপন ধরাতে পারে?
অনেক সময় দারুণ একটি প্লট বা চমৎকার কোনো চরিত্র থাকার পরও গল্পটি কেন যেন ঠিক জমে ওঠে না| পাঠক গল্পের সাথে একাত্ম হতে পারেন না| কয়েক পাতা পড়েই আগ্রহ হারিয়ে ফেলেন| কেন এমন হয়? কারণ, লেখক হয়তো গল্পটি কেবল দূর থেকে 'বলে' যাচ্ছেন, দৃশ্যগুলোকে পাঠকের চোখের সামনে জীবন্ত করে ‘দেখাতে’ পারছেন না|
বিশ্বসাহিত্যের অন্যতম শক্তিশালী এবং জাদুকরী কৌশল হলো ‘Show, Don't Tell’(দেখাও, বলো না)| কিন্তু কীভাবে একটি সাধারণ বাক্যকে শ্বাসরুদ্ধকর দৃশ্যে রূপান্তর করতে হয়? কীভাবে সংলাপের আড়ালে লুকিয়ে রাখতে হয় চরিত্রের মনস্তাত্ত্বিক টানাপোড়েন? কীভাবে দীর্ঘ বর্ণনার একঘেয়েমি এড়িয়ে পাঠকের স্নায়ুতে উত্তেজনা ছড়িয়ে দিতে হয়?
কথাসাহিত্যিক কয়েস সামী তাঁর ‘শো, ডোন্ট টেল’ বইটিতে এই প্রশ্নগুলোরই উত্তর দিয়েছেন একেবারে হাতে-কলমে| ধ্রুপদী বাংলা সাহিত্যের কালজয়ী সব উপন্যাসের আবহে উদাহরণ, ষোলটি সুনির্দিষ্ট অধ্যায়ের মাধ্যমে তিনি ভেঙে ভেঙে দেখিয়েছেন চরিত্র নির্মাণ, পরিবেশ বর্ণনা, ব্যাকস্টোরি পরিচালনা এবং আবেগ ফুটিয়ে তোলার সকল গোপন সূত্র| বইটিতে দেখানো হয়েছে কোথায় দেখানোর মাধ্যমে গল্পের গভীরতা বাড়াতে হয়, আর কোথায় বলা’র মাধ্যমে গল্পের গতি ধরে রাখতে হয়|
আপনি যদি একজন নবীন লেখক হন, কিংবা নিজের লেখাকে নিয়ে যেতে চান এক পেশাদার ও ধ্রুপদী উচ্চতায়— তবে এই বইটি আপনার রাইটিং ডেস্কে রাখার মতো একটি অবশ্য-পাঠ্য গাইড|
বইয়ের পাতায় আটকে থাকা আপনার মাথার ভেতরের গল্পগুলো এবার জ্যান্ত হয়ে উঠুক পাঠকের চোখের সামনে!