দেয়ালে ঝোলানো আয়না, গদির চেয়ারও আছে;
ঢাকা ফেরৎ টিপটাপ সেলুন বসেছে সদ্য।
শীতাতপ নিয়ন্ত্রিত চুল-নতুন স্টাইলে কাটতে কাটতে
ভেতর থেকে বেড়িয়ে আসে কমনীয়—
লোশনের ঘ্রাণ। সেদিকেই ভিড় বাড়ে ইদানীং
খুরের জং তুলতে তুলতে চামড়ায়
নীলকান্ত পরামানিকের হাত কেঁপে কেঁপে ওঠে;
ধুলোর আস্তরে ঢাকা, না-থাকা আয়নার মতো
সহজেই ঝাপসা হয়ে আসে চোখ