দাদির খিটমিটে মেজাজ। কেউ একটু কিছু বললেই রেগেমেগে আগুন। মেজাজ যাইহোক রিফাতের সাথে পেরে উঠে না। রিফাত শুধু বিরক্ত করবে দাদিকে। রেগে গেলে আরো বেশী করবে। তাই দাদিও তার মেজাজ বুঝে। রিফাতের সাথে অন্যদের মত অত রাগ করে না।
দুপুর বেলা। দাদি তার ঘরে বিশ্রাম নিচ্ছেন। চোখে ঘুম ঘুম ভাব। এমন সময় খট খট দরজায় কড়া নাড়ার শব্দ। কে আবার এলো? দরজাটাতো ভেজানই আছে। ধাক্কা দিলেইতো ভেতরে আসতে পারে। এত বিরক্ত করে কেন? দাদি বিরক্ত হয়ে বলে, নাহ দুপুরে আর আরাম করা যাবে না। উঠে গিয়ে দরজা খোলেন দাদি। একি রিফাত যে!
কি ব্যাপার এভাবে দরজায় কড়া নাড়ছ কেন? জিজ্ঞেস করে দাদি।