সারাবছর যা লিখি, তার বেশিরভাগই রাজনীতি। তবে রাজনীতি নিয়ে লেখার একটা বিপদ আছে। প্রত্যেকটা লেখার পরই গালি খেতে হয়। আজ আওয়ামী লীগ গালি দেয় তাে, কাল বিএনপি। সবাই যার যার কথা আমার মুখে বসিয়ে দিতে চান। সবাই চান, আমি তাদের মতাে লিখি। কিন্তু আমি নিজে কী লিখতে চাই, সেটা আমি জানি। তাই কে, কী বললাে; তাতে আমার কিছু যায় আসে না। আর আমি রাজনীতিবিদও নই, জনপ্রিয়তা নিয়েও আমার ভাবনা নেই। অনেকে বলেন, আপনি সাংবাদিক, আপনার নিরপেক্ষ থাকা উচিত। কিন্তু আমি নিজেকে কখনাে নিরপেক্ষ দাবি করিনি। আমার কাছে যেটা ন্যায্য মনে হয়, আমি, সেটা লেখার চেষ্টা করি। সেটা কার পক্ষে গেল না গেল, তা নিয়ে। আমার কোনাে মাথাব্যথা নেই।