ইংরেজরা এদেশের শাসনভার গ্রহণ করার পর থেকে এদেশের রাজনৈতিক, সামাজিক ও আর্থনীতিক দিকে নানা পরিবর্তন হতে থাকে। আর্থনীতিক দিকে শুরু হয় অন্ত ঃসারশূন্যতা। সমাজ জীবনে দেখা যায় ব্যাপক পরিবর্তন। প্রাথমিকভাবে দেশে রাজনৈতিক পরিবর্তন স্পষ্টভাবে পরিলক্ষিত হয় কংগ্রেস (১৮৮৫) এবং মুসলিম লীগ (১৯০৬) প্রতিষ্ঠার মধ্য দিয়ে। ফলে 'বঙ্গভঙ্গ' (১৯০৫) ও স্বদেশী আন্দোলনের পর থেকে প্রকাশিত হতে থাকে দেশীয় রাজনীতিতে পরিবর্তনের হাওয়া। বৃটিশবিরোধী আন্দোলনের শেষ পরিণতি দেশভাগ (১৯৪৭) অর্থাৎ স্বাধীন ভারত ও পাকিস্তান সৃষ্টি। ১৭৫৭-১৯৪৭ পর্যন্ত বৃটিশ শাসনের ফলাফল বাঙালির রাজনৈতিক চিন্তার জগতে ব্যাপক পরিবর্তন আনে। পাকিস্তানের বৈষম্যমূলক শাসননীতি বাঙালির কাছে খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। যার চূড়ান্ত সফলতা সূচিত হয় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, বাঙালির স্বাধীনতা ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে।