বাংলাদেশের মুসলমানদের একাংশের ধর্মীয় জীবনের একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে 'যিকির', বিশেষ করে পীর-মুর্শিদগণ তাদের মুরিদদেরকে যে দীনি তালিম দিয়ে থাকেন, তার মধ্যে যিকিরের স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর অবশিষ্ট মুসলমানগণ দল-মত, মাযহাব ও ফেরকা নির্বিশেষে নামায-রোজাকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকেন এবং ফরজ গণ্য করেন। তবে যারা কোন পীরের মুরিদ হননি বা কোন সুফি তরীকা অনুসরণ করেন না, তারা পীর সাহেবদের নির্দেশিত পন্থায় যিকির করেন না বা এ পদ্ধতিকে তেমন গুরুত্বও দেন না।
পক্ষান্তরে পীর সাহেবগণ, তরীকা নির্বিশেষে তাদের মুরীদদের জন্য যিকিরকে অবশ্য করণীয় বলে নির্ধারণ করে দিয়ে থাকেন। তাই বলতে হয় যে, পীর সাহেব বা তরীকা পন্থীদের নিকট যিকির হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সঙ্গে আরো রয়েছে, তাদের মোরাকাবা বা ধ্যান করা, মোশাহেদা বা প্রত্যক্ষ দর্শণ এবং রিয়াজত বা কঠোর সাধনা।