মাত্র আটাশ পৃষ্ঠায় পঁয়তাল্লিশটি উন্মাতাল হ্রস্ব নাতি হ্রস্ব কবিতা নিয়ে জাহিদা উর্মির কৃশকায় কাব্যগ্রন্থটি আকারে-আকৃতিতে বিপুলায়তন না হলেও এগুলির ছন্দে ছন্দে আছে এক গভীর গোপন জ্বালা, আর্তি, অভিমান। কবিদের রাজা জীবনানন্দ দাশ বলেছেন, 'কবিতা অনেক রকমের হয়।' হতে যে পারে আমরাও জানি। কবিতামাতৃক বাংলাদেশে অধিকাংশ মানুষের মুখের ভাষাতেও পয়ারের টান। আমাদের এই নবাগত কবিটির ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি। তার কবিতাগুলো স্বতোৎসারিত প্রাণের টানে। কথোপকথনের ঢঙে রচিত কবিতাগুলিতে ক্ষোভ, বিস্ময়, ক্রোধ পাশাপাশি উঠে এসেছে বয়নোচিত তারুণ্যের ঝলসানো দীপ্তিতে। নিয়মিত চর্চার মাধ্যমে যে উত্তরোত্তর কবির সমৃদ্ধি আর সুবর্ণ সাফল্য প্রতীক্ষা করে আছে তা আর বলার অপেক্ষা রাখে না।