তাঁর বাবা ছিলেন কলেজিয়েট স্কুলের জিমন্যাস্টিকস্ মাস্টার। তিনি হয়েছেন মিউজিক টিচার। তাঁর পুরো নাম অশোকরঞ্জন চৌধুরী। বাড়ি কুমিল্লার হোমনা চান্দেরচরে। বাবার স্কুল মাস্টারির চাকরির কারণে তাঁর সঙ্গে এসে ঢাকা শহরে বেড়ে ওঠা। তাঁতি বাজারের নয় নম্বর কামার নগর গলির বাড়ি থেকে সাইকেল চালিয়ে আহসানুল্লাহ স্কুলে পড়তে যাওয়া-আসা। ম্যাট্রিকের পরে ওভারশিয়ারি পাশ। তারপরে কলকাতায়। সবশেষে এই মফস্বলে খুঁটি গেড়ে বসা। মনের গভীরে তাঁর গোপন তৃপ্তি, মিউজিক টিচার হলেও একসময় বংশে জমিদার ছিলেন।
কখনও নিজের বাসায়, কখনও বাড়ি বাড়ি গিয়ে হারমোনিয়ামে গান শেখান। পাশাপাশি সিনেমা হলে বসে মাসচুক্তি অর্গ্যান বাজান। অর্গ্যান দেখতে অনেকটা পিয়ানোর মতো। আওয়াজটা ভারী। মোটা সুরে গমগম করে বাজে। যারা যন্ত্রটা দেখেনি, তাদের উনি এভাবেই চেনান। বলেন, 'এটা চার্চে বাজানো হয়।'