ঘুম ভেঙে যায় আরাফাতের। বিছানায় উঠে বসে সে।
জিরো পাওয়ারের ডিম লাইট জ্বলছে। মশারির তলায় বড় খাটে ছড়ানো ছিটানো পাঁচটি সন্তান। ঝাঁঝালো পেশাবের গন্ধ। ছোট তিনটি বাচ্চা-ই বিছানায় পেশাব করে। হালিমা বসে আছে। দীর্ঘ আলুথালু চুল মুখের এপাশ-ওপাশ ঢেকে নেমেছে। কিন্তু হালিমা বাচ্চাদের মুতের কাঁথা বদলানোর আয়োজনে ব্যস্ত নেই। তাকে যেন নিশিতে পেয়েছে। ঘোর লাগা চোখে চেয়ে আছে। কোন দিকে? হালিমা কি জেগে জেগে স্বপ্ন দেখছে?
আরাফাতের মনে হয় হালিমা তাকেই দেখছে।
ঘুমন্ত আরাফাতের মুখের উপর ঝুঁকে এসেছিল হালিমার মুখ।
তার চুলের গোছা সুড়সুড়ি দিচ্ছিল গালের উপর।
আরাফাতকেই দেখছিল হালিমা।
দুমাস আগে ঘটে যাওয়া আশ্চর্য ঘটনার অভিঘাত কি হালিমার মধ্যে অন্যরকম কোন প্রতিক্রিয়া সৃষ্টি করছে?