পরিচিতি: তাঁর নাম জাফর ছাদেক (রহঃ), কুনিয়াত আবু মুহাম্মদ। তার মান-মর্যাদা, শিক্ষা-দীক্ষা, যোগ্যতা ও অলৌকিক ক্ষমতাবলীর কথা যত বেশীই বলা হোক না কেন তা হবে যৎকিঞ্চিৎ। তিনি হযরত রাসূলে করীমের (সাঃ) উম্মার মাথার মুকুট্ এবং সেরা আদর্শ পুরুষই নন; বরং সত্য ও সততার মূর্ত প্রতীক। তিনি জগতের আউলিয়া-আবদালদের মধ্যমণি, শেরে খোদা হযরত আলীর (রহঃ) বংশের গৌরব। তিনি প্রধান ওয়ারেছে নবুবী। আহলে বাইতের মধ্যে সুবিখ্যাত দ্বাদশ ইমামেরও অন্যতম।
মর্যাদা ও যোগ্যতার পরিমাপঃ হযরত রাসূলে করীমের (সাঃ) সাহাবায়ে কেরামের পরে মর্যাদার দিক দিয়ে তাবেয়ীদের স্থান। এদের মধ্যে জাফর। ছাদেক (রহঃ) ছিলেন অন্যতম। ইলমে কোরআন, হাদীস ও ফিকাহ শাস্ত্রে যেমন তার অপূর্ব দক্ষতা ছিল, এলমে মারেফাতেও ছিলেন তেমনি সমকালীন যুগের সেরা।