বাঙালি জাতির শ্রম-সৃজন,বিপ্লব-বিদ্রোহ,আন্দোলন-অভ্যুত্থানের পূর্ণাঙ্গ হাতহাস আজো রচিত হয়নি। জাতীয় ইতিহাসের অনেক অধ্যায় এখনও অস্পষ্ট। বহু ঘটনা বিস্মৃতির আবরণে ঢাকা পড়তে শুরু করেছে। সুপ্রাচীনকাল থেকে এদেশের সংগ্রামী মানুষ তাদের ঘাম,শ্রম,নিষ্ঠা ও চেষ্টায় একটি সমৃদ্ধ সভ্যতা গড়ে তুলেছে। কিন্তু বার বার এরা পরাধীনতার শৃঙ্খলে বাঁধা পড়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে সীমাহীন শোষণ ও বঞ্চনার শিকারে পরিণত হয়েছে। উপনিবেশিক শাসনের নিগড় থেকে মুক্তির লক্ষ্যে আদিবাসী বিদ্রোহ,ফকির-সন্ন্যাস বিদ্রোহ,সিপাহী বিদ্রোহ,অগ্নিযুগের সশস্ত্র সংগ্রাম এবং দেশীয় রাজ্যে একের পর এক কৃষক-প্রজা,ছাত্র-যুব ও নারী আন্দোলন সংগঠিত হয়েছে। এসব আন্দোলনের উত্তাল অভিঘাতে বিদেশি শাসনের ভিত বার বার কেঁপে উঠেছে। টাঙ্গাইল অঞ্চলের প্রতিবাদী মানুষও দেশবাসীর কণ্ঠের সঙ্গে তাদের সোচ্চার কণ্ঠ মিলিয়েছে। নিয়মতান্ত্রিক ও অনিয়মতান্ত্রিক উভয় পথেই লড়াই সংগ্রাম চালিয়েছে। টাঙ্গাইলের মানুষের যুগযুগব্যাপী সেই সংগ্রামের আলেখ্য আমরা এখানে তুলে ধরব।