অনেক দিন আগের কথা। তবুও সবকিছু এখনও স্পষ্ট টগরের কাছে। সেই মুক্তিযুদ্ধের ঘটনা। প্রচণ্ড শীত পড়ছে ক'দিন ধরে। কনকনে বাতাস বইছে। গোসল করতে গেলে মাথা যেন ফেটে যায় ঠাণ্ডা পানিতে। শীতের চেয়েও বেশি ভয় মিলিটারীর। কখন এসে পড়ে আর সব তছনছ করে দিয়ে যায়, জ্বালিয়ে পুড়িয়ে মেরে ধরে রেখে যায়।
যুদ্ধ চলছে তো সেই কতদিন ধরে। ঘর ঘরে ভয়, শোক। আর তার মধ্যে চলছে প্রতিশোধর প্রস্তুতি। টগরদের বাড়িতেও ক'দিন ধরে গোছগাছ চলছে। কিন্তু খুব গোপনে। এ বাড়িতে আর থাকা যাবে না। কাউকে কিছু বলেও যাওয়া যাবে না। ভাইদের খোঁজে নানা ধরনের লোক আসছে প্রায়ই। বলা হচ্ছে ওরা হোস্টেলে ছিল।
তারপর আর খোঁজ নেই। বড়বু আর মেজবু ব্যস্ত রয়েছে সেলাইয়ের ডিজাইন, উলের মেশিন এসব নিয়ে।