জোবায়েদ ট্রেন থেকে নেমেই প্লাটফরম ধরে হাঁটতে থাকে। দক্ষিণমুখী অন্যান্য যাত্রীদের সাথে কিছুক্ষণের মাঝেই প্লাটফরম পার হয়ে রেললাইন পথে খানিকটা এগোয়। তারপর সুপ্তার দেওয়া নির্দেশনা অনুযায়ী সামনে হাঁটে। সুপ্তার আমন্ত্রণেই জোবায়েদ সকাল আটটার ট্রেনে রওয়ানা হয় গফরগাঁয়ের উদ্দেশ্যে। আন্তঃনগর ট্রেন। পয়তাল্লিশ মিনিটের টানা গতিতে ট্রেনটা গিয়ে থামে স্টেশনে।
সুপ্তা আগেই তাদের বাসার ঠিকানা দিয়ে রেখেছিল। বলেছিল, স্টেশনে নেমে রেললাইন ধরে খানিকটা পথ। তারপরই চামড়া গুদাম। আর এ চামড়া গুদামের পাশ দিয়ে সিনেমা হলের দিকে গেছে একটা রাস্তা। ঐ সিনেমা হলের বিপরীত পাশের গলিতেই সুপ্তাদের বাসা। সে নির্দেশনা অনুযায়ী সিনেমা হলের সামনে গিয়েই দেখে গলির মুখে সুপ্তা দাঁড়িয়ে। জোবায়েদকে দেখে বলে, আমি ট্রেনের শব্দ শুনেই তোমার অপেক্ষায় এখানে খাড়াইয়া আছি।
স্টেশনের একেবারে কাছেই তো আপনাদের বাসা!
হ্যাঁ।
আসতে কষ্ট হইছে তোমার!