রশীদ হায়দার জীবন পর্যবেক্ষণ করেন নিজের জীবনের সঙ্গে মিলিয়ে; আর এজন্যেই তাঁর সাহিত্য জীবনের কথা বলে। তিনি জন্মেছেন গ্রামে, বড় হয়েছেন শহরতলিতে, কর্মক্ষেত্র রাজধানীতে, কিন্তু তিনি কখনোই নিজের গ্রাম ও পরিপার্শ্বকে ভোলেন না বলে জীবন তুলে আনেন সেখান থেকে।
রশীদ হায়দারের সবচেয়ে বড় অঙ্গীকার মাটি, মানুষ ও মহান মুক্তিযুদ্ধের প্রতি। এখানে পরিবেশিত তিনটি উপন্যাসোপম রচনায় তিনি উপস্থাপন করেছেন তিনটি অতি সাধারণ অথচ অসাধারণ চরিত্রকে। এরা যেমন মানবিক বোধের প্রতিনিধি, তেমনি মুক্তিযুদ্ধের ইতিহাসেরও রূপকার। জীবন ও যুদ্ধের প্রতি নিখাদ মমত্বই রশীদ হায়দারের সাহিত্যে আনে ভিন্ন মাত্রা। তাঁর কতিত এখানেই।