তুলি আর বুলি। দু’জনের মধ্যে খুব ভাব। দুটি অক্ষরে দু’টি নামের মধ্যে বেশ মিল। তুলির বয়স ছ’বছর। বুলি সবেমাত্র তিনমাস ছ’দিনের। বয়সে ফারাক হলে কি হবে। আসলে তাদের দু’জনার মধ্যে ভারি মিল। তারা দু’জন অতি সহজে দু’জনকে বুঝতে পারে। দু’জন দু’জনকে ছাড়া চলতেই পারে না। কি খোকা খুকুরা তুলি ও বুলির সম্পর্কে তোমাদের বেশী-বেশী জানতে ইচ্ছে করছে তাই না। তবে শোন। ওদের সম্পর্কে সব কিছু খুলে বলছি। ওরা দু’জন যেন অতি আপন। ওরা দু’জন একই সংসারে বসবাস করে। বুলির জম্মের পর তুলি ওর নাম রেখেছে বুলি। সেই থেকে তুলি ওকে বুলি বলে ডাকে। নাম ধরে ডাকা মাত্রই বুলি তুলির ডাকে সাড়া দেয়। তুলি আদর করে হাত বাড়ায়।