উন্নয়নের সাথে রাষ্ট্র পরিচালনার সম্পর্ক নিয়ে বাংলাদেশে দীর্ঘদিন ধরে আলোচনা হলেও এই বিষয়ে অ্যাকাডেমিক আলোচনা খুব কমই হয়ে থাকে। জুলাই-অভ্যুত্থান পরবর্তী সম্ভাবনাময় সময়ে রাষ্ট্রসংস্কার বিষয়ক যাবতীয় আলাপ থেকে এ বিষয়ে জাতিগত বুদ্ধিবৃত্তিক প্রস্তুতির ঘাটতি প্রতীয়মান। প্রখ্যাত অর্থনীতিবিদ নজরুল ইসলাম রচিত উন্নয়নের জন্য সুশাসন গ্রন্থটি সেই অভাব পূরণে বড় ভূমিকা রাখবে। রাজনৈতিক এবং প্রশাসনিক সংস্কার বিষয়ে দীর্ঘদিনের গবেষণা ও দেশি-বিদেশি প্রতিষ্ঠানে গবেষক হিসেবে কাজের সূত্রে লেখক বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাজনীতি, আমলাতন্ত্র, দুর্নীতি ও অপচয় এবং সামগ্রিক অর্থনৈতিক পরিকল্পনার মাঝে সম্পর্কগুলোকে খুঁটিয়ে দেখেছেন। আন্তর্জাতিক স্তরে কাজ করার সুবাদে অনেকগুলো রাষ্ট্রের অভিজ্ঞতাকে পাশাপাশি মিলিয়ে দেখারও সুযোগ তাঁর হয়েছে। এ গ্রন্থটিতে, বিভিন্ন প্রেক্ষাপট ও সময়ের আলোকে লেখক বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতা ব্যাখ্যা করেছেন এবং তত্ত্বগত বিশ্লেষণের মাধ্যমে সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছেন। আনুপাতিক নির্বাচন, সরকারের মেয়াদ হ্রাস, আমলাতন্ত্রের জন্য যৌক্তিক বেতন নির্ধারণের মতো বিষয়গুলোর পেছনের গবেষণা ও বিশ্লেষণসমূহ পাঠক এই গ্রন্থটি থেকে গভীরভাবে জানতে পারবেন। রাষ্ট্র পরিচালনা, সরকার গঠন, আমলাতন্ত্র ও নির্বাচন পদ্ধতি বিষয়ক প্রয়োজনীয় তাত্ত্বিক বোঝাপড়া ও বিতর্কের সাথে পরিচিত হতে আগ্রহীরা গ্রন্থটি থেকে প্রভূত উপকৃত হবেন।