ভোরবেলা থেকে পেঁজা তুলোর মতন পাতলা তুষার দুলতে দুলতে নামছে। বৃষ্টির শব্দ থাকে, কিন্তু তুষারপাত একেবারে নিঃশব্দ। আস্তে আস্তে সাদা হয়ে আসছে গাছগুলোর মাথা। এদিকটায় নদীর ধারে সারি সারি উইলো গাছ, ঝুঁকে আছে জলের দিকে। এই গাছগুলির নাম উইপিং উইলো, দেখলেই কেমন যেন করুণ আর বিষণ্ণ মনে হয়। আরও অনেক গাছ এখানে, তার মধ্যে পল্লার ও মেপ্ল চেনা যায়।
হাডসন নদীর ধার দিয়ে সুদৃশ্য পথ, রিভার সাইড ড্রাইভ। গাড়ি চলার রাস্তা ছাড়াও রয়েছে আলাদা পায়ে-চলা রাস্তা, তার পাশে পাশে গাছতলায় অনেক বসবার জায়গা, সিমেন্ট দিয়ে বাঁধানো তাস খেলা কিংবা দাবা খেলার টেবিল। এখন অবশ্য সেখানে কেউ বসে নেই।
এ দেশের গাড়ি হর্ন বাজায় না, মসৃণ রাস্তায় গাড়ির কোনও ঝাঁকুনি নেই, তবু চলন্ত গাড়ির সঙ্গে বাতাসের ঘর্ষণের একটা অদ্ভুত শব্দ আছে। সেটাই শহরের শব্দ। হুস স। হুস স! এখানকার হাওয়া এক মুহূর্তও অক্ষত থাকে না।