অনেক-অনেক কাল আগের কথা। তখন কাক ও ময়ূর ছিল ঘনিষ্ঠ বন্ধু। তারা এক সাথে খেলতো, এক সাথে বেড়াতো, কেউ ছেড়ে থাকতে ছাইতো না কাউকে। তখন কাক এমন কালো ছিল না, ময়ুরও ছিল না এমন বর্ণোজ্জ্বল। তাদের সারা দেহ ঢাকা ছিল সাদা পালকে। সে সাদাও নিপাট সাদা। একদিন কাক ও ময়ুর খেলছিল ফুলের বনে। লাল, নীল, হলুদ-কত রঙের কত ফুল সেখানে! দেখে খুব মুগ্ধ হয় কাক। ময়ূরকে বলে, বন্ধু দেখো, ফুলগুলো কত রঙিন। অমন রঙিন কি আমরা হতে পারি না? ময়ুর বলে, বন্ধু, অমন রঙিন হতে পারলে তো খুবই ভাল হয়। এই একঘেয়ে সাদা থাকতে থাকতে আমি ত্যক্ত-বিরক্ত হয়ে গেছি! এর পর এক বুদ্ধি আসে কাকের মাথায়। সে বলে, আমরা যদি আমাদের পালক রং করে নিই-তাহলেই তো হয়। আমার পালক রং করবে তুমি, আর তোমার পালক রং করবো আমি। এ প্রস্তাবে রাজি হয় ময়ুর। তাই পরদিন তার পালক রাঙাতে শুরু করে কাক।