ঘেউ ঘেউ... ঘেউ ঘেউ করে কুকুর বাচ্চা টিকা আর মাকা মায়ের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে চলে। ওরা বলছে, মা মা, দেখে যাও, একটা মজার জিনিস!
কি জিনিস হতে পারে কুকুর-মা ভেবে চলে এবং ঘেউ ঘেউ করে বাচ্চাদের জিগ্যেস করে, কি জিনিস রে?
একটা বচ্চা-মা...টিকা-মাকা মাকে জানায়।
কিসের বাচ্চা?
মানুষের।
মানুষের বাচ্চা! এই গভীর জঙ্গলে। মা-কুকুর অবাক। নিজ চোখে দেখার জন্যে এগিয়ে যায়। দেখে ফর্সা মতো ফুটফুটে একটা মানুষের বাচ্চা। টিকা-মাকা বাচ্চাটার সামনে দাঁড়িয়ে। বাচ্চাটা চুপ করে বসে আছে। টিকা-মাকাকে দেখছে। বয়স প্রায় দশ-এগার মাস। বাচ্চাটার চোখে একটা অবাক ও অসহায় ভাব। তবে খুব একটা ভয় পেয়েছে বলে মনে হলো না।