বস্তুজগতের কর্তৃত্ব নিয়ে যেমন মারামারি চলে তেমনি চিন্তার জগতে প্রভাব বিস্তারের জন্য নানা মতের মোলাকাত ও মোকাবেলা হয়। বইটি লেখার সময় এ সব কিছু মাথায় ছিল এবং ইউরোপের এনলাইটেনমেন্টজাত চিন্তার সাথে মুসলিম চিন্তার পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া সমন্বয়ের আলাপ এখানে করেছিলাম। এসব আলোচনা বাংলাদেশের চিন্তাশীল সমাজে কতকটা গৃহীত হয়েছে বলে ধারণা করি।
এ বই লেখার পর বেশ কিছু সময় পার হয়েছে। চিন্তার জগতে নতুন নতুন মাত্রা তৈরি হয়েছে। এখন ইসলামিজম ও সেকুলারিজম অতিক্রম করার কথা উঠেছে। ভাবজগতে এটা পোস্ট ইসলামিজম ও পোস্ট সেকুলারিজম হিসেবে স্থান পেয়েছে। কিন্তু পশ্চিম ও ইসলামের ভাবজগতের মৌল বৈশিষ্ট্য আগের মতোই রয়ে গেছে। এটা হয়েছে দুটো ভিন্ন ভিন্ন জীবনদৃষ্টির তফাতের কারণে। এ কারণে এ বইয়ের প্রাসঙ্গিকতা আগের মতোই রয়ে গেছে। দ্বন্দ্ব অতিক্রম করার কথা বলা হলেও বাস্তবে সেটি সম্ভব হয়নি। দ্বন্দ্বকে স্বীকার করে নিয়ে পারস্পরিক সহাবস্থানই কাম্য।রপোস্ট ইসলামিজম ও পোস্ট সেকুলারিজমের মত শব্দগুলো পশ্চিমের ভাবজগতে তৈরি এবং বরাবরের মতো পশ্চিমের আধিপত্য টিকিয়ে রাখার জন্য এসব শব্দের জন্ম। ইসলামের রাজনৈতিক রূপটা পশ্চিমের অপছন্দ। কারণ এটা পশ্চিমের সংজ্ঞা ধরে মানুষের মুক্তির ধারণার বাইরে নতুন এক জগতের স্বপ্ন দেখায়। তাই ইসলামকে তার রাজনৈতিক ইতিহাস থেকে বের করে আনাই পশ্চিমের আরাধ্য। এটাকে বলা হচ্ছে পোস্ট ইসলামিজম। অন্যদিকে সেকুলারিজমও তার উদ্ধত আচরণের জন্য যথেষ্ট নিন্দিত হয়েছে। তাই এটিকে একটা সুশীল ও ভদ্র রূপ দেয়ার জন্য পশ্চিম গলদঘর্ম হয়ে পড়েছে। এ প্রেক্ষিতেই উঠেছে পোস্ট সেকুলারিজমের কথা। ভাষার মারপ্যাচের মাধ্যমে ধুম্রজাল সৃষ্টি করে পুরনো ব্যবস্থার মতো বাকি পৃথিবীর উপর আধিপত্য বিস্তারই পশ্চিমের একান্ত ইচ্ছা।
দ্বিতীয় সংস্করণে বইটির প্রচুর পরিমার্জনা করা হয়েছে। নতুন নতুন তথ্য সন্নিবেশিত হয়েছে এবং আলোচনার ধারাকেও যথেষ্ট বিস্তৃত করা হয়েছে।
এ বইয়ের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হচ্ছে বরাবরের মতো কালার পেন্সিলের ব্যবস্থাপক তৌহিদুর রহমানের একান্ত আগ্রহে। তাকে মোবারকবাদ।
--ফাহমিদ-উর-রহমান
---------------
প্রথম খন্ডের আলোচিত ব্যক্তিত্বরা হলেন...
* সৈয়দ জামাল উদ্দীন আফগানী (জন্ম ১৮৩৯)
* মওলানা মােহাম্মদ আকরম খাঁ (জন্ম ১৮৬৮)
* আবদুল্লাহ ইউসুফ আলী (জন্ম ১৮৭২)
* মােহাম্মদ মারমাডিউক পিকথল (জন্ম ১৮৭৫)
* মােহাম্মদ ইকবাল (জন্ম ১৮৭৭)
* মােহাম্মদ আসাদ (জন্ম ১৯০০)
* রুহুল্লাহ খােমেনী (জন্ম ১৯০২)
* সাইয়েদ আবুল আ’লা মওদুদী (জন্ম ১৯০৩)
* আবুল হাশিম (জন্ম ১৯০৫)
* মালেক বেন্নাবী (জন্ম ১৯০৫)
* হাসান আল বান্না (জন্ম ১৯০৬)
* সাইয়েদ কুতুব (জন্ম ১৯০৬)
* মােহাম্মদ হামিদুল্লাহ (জন্ম ১৯০৮)
* মার্টিন লিংস (জন্ম ১৯০৯)
* ইসমাইল রাজী আল ফারুকী (জন্ম ১৯২১)
* সৈয়দ আলী আশরাফ (জন্ম ১৯২৪)
* আলীয়া আলী ইজেতবেগভিচ (জন্ম ১৯২৫)
* হাসান জামান (জন্ম ১৯২৮)
* মুরাদ উইলফ্রেড হফম্যান (জন্ম ১৯৩১)