অনেক অনেক দিন আগের ঘটনা। একদিন এক বনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আবদুল্লাহ বিন জাফর নামের এক লোক। বনের পাশের এক ফুলবাগানে তখন কাজ করছিল আবিসিনিয়ান এক বালক ক্রিতদাস। কাজের ফাঁকে এক লোক এসে তাকে খাবার দিয়ে গেল। খাবার দিয়ে যাওয়ার সাথে সাথেই কোথা থেকে যেন একটা কুকুর এসে বালকটির পাশে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগল। বালকটি কাজ ফেলে রেখে খাবারের কাছে এসে বসল। কুকুরটি এবার একটু দূরে সরে গিয়ে বালকটির ঠিক মুখোমুখি বসল। খাবারের পুটলিটা খুলে ফেলল বালক। মালিক আজ একটা রুটি পাঠিয়েছে। রুটিটা হাতে নিয়ে এক টুকরো ছিড়েই কুকুরের দিকে ছুড়ে দিলো সে। কুকুরটা হা করে রুটির টুকরোটা মুখে পুড়ে নিলো।