অজস্র শব্দ সারাদিন মাথার ভেতর ঘুরপাক খায়। ওরা নদীর মতো বহে না- কিন্তু ঢেউয়ের মতো আছড়ে পড়ে।
ভাঙ্গে মন- ফেনার মতো বাড়ে হতাশা। অপ্রয়োজনীয় অজস্র কাজে দিন চলে যায়- সময় বয়ে যায়। ক্ষয়িষ্ণু জীবনের নিঃশেষ হচ্ছে প্রাণশক্তি, সময় বহতায় কমছে আয়ু।
জীবনের আর এক নাম সময়- সময় বয়ে যায় বাড়ে প্রতি মুহূর্তের ঋণ। মায়ের কাছে বাবার কাছে, প্রিয় মানুষটির কাছে, সন্তানের বাবা ডাকের কাছে, প্রিয় মাতৃভূমির আলো বাতাস মাটির কাছে, অন্ধকারের কাছে, স্বপ্নের পৃথিবীর কাছে।
সময় বয়ে যায় জীবন ক্ষয়ে যায়। প্রতিক্ষণে ঋণ বেড়ে যায়। ভাবনারা তাড়ায়, আজন্ম ঋণের বোঝা ঘাড়ে আস্তে আস্তে চাপ বাড়ায়।
শৈশবে শেখা ফাইনাল একাউন্ট শব্দটা মাথার ভেতর ঘুরপাক খায় চক্রাকারে। ডেবিট ক্রেডিটে অসমতা-ভেতরে অপরাধবোধ সাপের মতো ফণা তোলে।
বাস্তবতার রূপ ভিন্ন, জীবনের সবটুকু সময় কিনে নিয়েছে কর্পোরেট দানব অতি অল্প মূল্যে- এক কথায় পেটে-ভাতে। তার চাবুকের শব্দ বাতাসে হা-হা রব ওঠে। আকাশে বিদ্যুতের চমক ওঠে। তার লোভ সাপের জিহ্বার মতো ভয় দেখায়। সবটুকু সময় তার হয়ে যায়। জীবন বয়ে যায়। প্রতিক্ষণে ঋণ বেড়ে যায়। কর্পোরেট বদমাসের ক্ষমতার দাপটে বিবেক ভয় পেয়ে যায়। তার লোভের আগুণে স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়।