মুক্তিযুদ্ধ আমাদের সাহিত্যে বিশেষ করে গল্প ও উপন্যাসে একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে। নয়মাসের মুক্তিসংগ্রামে ত্রিশলক্ষ শহীদের আত্মত্যাগ মুক্তিযুদ্ধের এক অমর বীরত্বগাথা। বাংলা উপন্যাস সাহিত্যে মুক্তিযুদ্ধের ইতিহাস ব্যক্তিক ও সামষ্টিক-উভয়ক্ষেত্রে গভীর এক ব্যঞ্জনার দ্যোতক। এ ক্ষেত্রে লক্ষণীয়-অধিকাংশ রচনার কেন্দ্রে মুক্তিযোদ্ধাগণ একক বা সম্মিলিতভাবে বাঙালির মুক্তির সংগ্রামে এক-একটি উজ্জ্বলতর চরিত্র। আবু বকর ছিদ্দিকের ওয়াইকিকি থেকে ধানমন্ডি উপনাসে বিবৃত হয়েছে এক বীরনারীর অভূতশ্রুত আত্মবলিদান। নীতা অনিবার্য বিপর্যয়ের সমূহ সম্ভবনাকে আপন দীপ্তি ও শৌর্যের শক্তিতে পরাভূত করে রক্ষা করেছেন আত্মসম্মান। উপন্যাসের আপাত নির্বিবাদী নায়িকা ধর্ষণউদ্ধত পাকিস্তানি ক্যাপ্টেনকে হত্যা করে আকস্মিকভাবে উদ্বোধন করেছেন বাঙালীজাতির মুক্তির অদম্য স্পৃহার পাশাপাশি বাঙালী নারীর আত্মমর্যাদাবোধের এক অবিনশ্বর অধ্যায়। নীতার অসমসাহস যেন সমগ্রজাতির প্রেরণার উৎসভূমিকে উর্বর করে তুলেছে এক মুহূর্তে