ফিটো অলৌকিক এক যন্ত্র। দেখতে ঠিক পাখির মত। এই ফিটোয় চড়েই মেধাবী মেয়ে রিমি আর রাজুর যাত্রা হয় শুরু। অজানা দেশের উদ্দেশে। সে এক অভিনব ও দুঃসাহসী অভিযান। ওরা একের পর এক মুখোমুখি হয় অবাক করা সব ঘটনার। রোমাঞ্চকর অভিজ্ঞতায় আপ্লুত হয় ওরা। ফিটো ওদের নিয়ে যায় বরফ ঢাকা পর্বতের দেশে। দেখা পায় জ্ঞান ও সৌন্ধর্যের দেবী কুমারী মিনার্ভার। মিনার্ভা বন্ধু হয়ে যায় ওদের। গ্রীক পুরণের এই দেবী ওদের নিয়ে যায় তাই গ্রীস অববাহিকায়। আদিম মানুষদের মাঝে। সেখান থেকে সোজা অলিম্পাস পাহাড়-চূড়ায় দেব-প্রসাদে। ওদের স্বাগত জানায় অপরূপা কুমারী আফ্রোদিতি। তারা রিমি আর রাজুকে নিয়ে যায় দেবরাজ জুপিটারের মহলে--জলসা ঘরে। এই অভাবিত অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত পদে পদে শিহরণ, বিস্ময় আর আনন্দে ঠাসা। চমকপ্রদ এই দেবলোক যাত্রায় গ্রীক পুরাণের দেবদেবীর অনেক কিছু জানা হয়ে যায় রাজু ও রিমির। কথাশিল্পী ফাইজুস সালেহীন রিমি-রাজুর এই অনন্য অভিযানের পুরো কাহিনী বলেছেন তোমাদের জন্য। তার ভাষা সাবলীল, বলার ঢঙ চমৎকার এবং গল্পের বুনট কুশলী। এক সময় দেখবে তোমরাও এই অসাধারণ অভিযানের রিমি-রাজুর সঙ্গী হয়ে গেছো। গ্রীক দেবদেবীদের রোমাঞ্চকর সহচর্য পেতে হলে তোমাদের পড়তেই হবে এই অভিনব বই।