ক্রেতাস্বার্থ সংরক্ষণের জন্য পৃথিবীর সবদেশে এর গুরুত্ব রয়েছে। শুধুমাত্র বাংলাদেশ এর ব্যতিক্রম। ক্রেতাস্বার্থ সংরক্ষণের জন্য এদেশে কোনও আইন নেই। নেই সংশ্লিষ্ট আদালত। ফলে ক্রেতা সাধারণ অহরহ প্রতারণার শিকার যেমন হচ্ছেন তেমনি বিড়ম্বনারও শিকার হচ্ছেন প্রতিনিয়ত। অথচ উল্লেখযোগ্য যে প্রতি বছরই এই স্বার্থকে সার্থক করে তোলার জন্য সারা বিশ্বে বছরের একটি নির্দিষ্ট দিন 'বিশ্ব ক্রেতা অধিকার দিবস' হিসেবে পালিত হয়ে আসছে।
জনস্বার্থবিষয়ক এতবড় একটি বিষয় দিনের পর দিন বিভিন্ন সরকার আমল থেকেই উপেক্ষিত হয়ে আছে অথচ আমরা সকলেই এটা অনুধাবন করতে পারি যে, কোনো না কোনো ভাবে ক্রেতা বা ভোক্তার তালিকায় আমরা সবাই জড়িত। তাই ক্রেতা স্বার্থ সংরক্ষণে এই আইন কতটা জরুরি তা বলার অপেক্ষা রাখে না। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও ক্রেতা স্বার্থ রক্ষার্থে বিশেষ আদালত ও আইন রয়েছে। যা ক্রেতা বা ভোক্তার কিছু সুনির্দিষ্ট স্বীকৃত অধিকারকে বাস্তবায়নে বদ্ধপরিকর হয়ে কাজ করে যাচ্ছে।