গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ধানমন্ডি, গুলশান-বনানী, নিউ ইস্কাটন ও শান্তিনগর এলাকায় সরকারি পরিত্যক্ত ২৯টি প্লট নিলামে বিক্রির জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কে দায়িত্ব দেয়া হয়। রাজউক ২০০৪ সালের প্রথম দিকে তৎকালীন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসের নির্দেশে ওই ২৯টি জমি ও তদবস্থিত বাড়িগুলোর বিক্রির জন্য নিলাম বিজ্ঞপ্তি জারি করে। উক্ত বিজ্ঞপ্তির বিপরীতে নির্ধারিত সময়ের মধ্যে ৪৭৬টি দরপত্র বিক্রি হয় এবং তন্মধ্যে ১৫৬টি জমা পড়ে। এদিকে বিবেচ্য জমি ও তদবস্থিত অবকাঠামো সমূহের বাজার দর অনুয়াযী মূল্যমান নির্ধারনের জন্য ছয় সদস্যের একটি মূল্যায়ন (Valuation) কমিটি এবং প্রাপ্ত দরপত্র সমূহ মূল্যায়নের জন্য সাত সদস্যের একটি দরপত্র (Evaluation) কমিটি গঠন করা হয়। আমি পদাধিকার বলে (প্রধান প্রকৌশলী, রাজউক হিসেবে) দরপত্র কমিটির একজন সদস্য ছিলাম।