মুক্তিযুদ্ধের বিস্মৃত ইতিহাস তুলে আনার প্রয়াসে লেখক ও গবেষক সালেক খোকন কাজ করছেন এক যুগেরও অধিক সময় ধরে। নিভৃতচারী লেখক নিরলস প্রচেষ্টায় আমাদের ‘গৌরব ও বেদনার’ মহান মুক্তিযুদ্ধের অনালোচিত মানুষের কথা শোনাতে ব্রতী হয়েছেন,যাঁরা ছিলেন অন্তরালে। সালেক খোকন রচিত ‘১৯৭১ : খেতাবপ্রাপ্ত ত্রিশ বীর’ আদতে মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য খেতাবপ্রাপ্ত ত্রিশজন বীরের যুদ্ধস্মৃতি,যুদ্ধের প্রামাণ্য দলিল; সেই সাথে শতাধিক আলোকচিত্রের এক বিশাল পরিসরের গ্রন্থিত রূপ। অভিনব এই গ্রন্থে একাত্তরের একজন বীরউত্তম,পাঁচজন বীরবিক্রম ও চব্বিশজন বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার বীরত্বপূর্ণ অপারেশনগুলো সরল গদ্যে তুলে ধরা হয়েছে। পাশাপাশি জাতিরাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম,শ্রেণিহীন সমাজ গঠনের প্রত্যয় ও অন্য ভাবনাপুঞ্জও সুচারুভাবে বর্ণিত হয়েছে। গ্রন্থটিতে কথোপকথন,সরল গদ্যঢঙে লেখা রচনাগুলো থেকে একজন সত্যসন্ধানী স্কলারের মননচর্চার পরিচয় মিলবে। লেখাগুলো পাঠককে চুম্বকের মতো ঐতিহাসিক একাত্তরের গহিনে নিয়ে যাবে,পাঠক পাবেন একটা পুরো জীবন; যে জীবন যোদ্ধার,স্বপ্নের,ক্লান্তি,প্রাপ্তি-অপ্রাপ্তি ও দর্শনের। মুক্তিযুদ্ধের অনন্য দলিল ‘১৯৭১ : খেতাবপ্রাপ্ত ত্রিশ বীর’ গ্রন্থটি সেই সব বাঙালির সংগ্রহে রাখার মতো,যারা দেশকে নিয়ে ভাবেন,দেশকে ভালোবাসেন প্ৰজন্ম থেকে প্রজন্মে।