বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস নির্মাণে বরাবরই প্রাধান্য পায় নেতা,নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। ইতিহাস চর্চা হয় বিশেষ মাইলফলক নিয়ে। আর এসবের ডামাডোলে হারিয়ে যায় সাধারণের লড়াই-সংগ্রাম,অনুল্লিখিত থাকে জন-চৈতন্যের বিবরণী। এই পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের ইতিহাস বিনির্মাণ করা জরুরি। কেননা,তৃণমূলের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে তারাই বিজয় ছিনিয়ে এনেছিল। জনগণই ইতিহাসের নির্মাতা,আর ‘১৯৭১: তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না- মুক্তিযুদ্ধে কৃষক,চা-জনগোষ্ঠী এবং আদিবাসীর ভূমিকা’ গ্রন্থে সেই সাধারণ মানুষের ইতিহাস তুলে ধরা হয়েছে তাদের মধ্যেকার মুক্তিযোদ্ধাদের ভূমিকার ওপর আলোকপাতের মধ্যদিয়ে। মুক্তিযুদ্ধের জন-ইতিহাস রচনায় এই গ্রন্থ এক অনন্য সংযোজন।