ঠেলায় আচ্ছাসে কষে বাঁধার পরও ফুটে বেরুত কেরানির সংসারের করুণ ছিরি। রংচটা আলমারি, ঘুণে ধরা খাটের পায়া, দাঁত দেখানোর ঢঙে তুলো বেরুনো বালিশ, পেসাবের দাগঅলা তোশক, একটা বাঁশের শেলফ, কিছু বই-পত্র, কলস, ঝাঁটা, শিলপাটা ইত্যাদি কত যে দামি ও তুচ্ছ টুকিটাকি! ঘরে যা ছিল গোপন, রাজপথে তা বেশরম ন্যাংটো। ভদ্রলোক পথচারীরা এমনভাবে তাকাত, যেন বাসা বদলের চলমান সাইনবোর্ড পড়ছে।
আবুল কালামের নিজেকে ছোট মনে হতো। কিরকম যেন বিপন্ন ভাব জাগত। রাস্তার দু পাশে কত বিল্ডিং, ভাড়াখেকো চার-পাঁচতলা ফ্ল্যাটবাড়ি; আর সে কিনা মুখে খড়কুটো নিয়ে আশ্রয়ের সন্ধানে দাঁড়কাকের মতো উড়ছে। কিন্তু এই শহরে নীড় বাঁধার মতো উপযুক্ত আশ্রয়ের বড় অভাব।