রায়হান আজ বাসায় ফিরতে রাতটা একটু বেশি হয়ে গেলো। কলেজে পরীক্ষা সংক্রান্ত কিছু গোপনীয় কাজ করতে হয়েছে। অন্যদিন সে এ সময় বাসায় থাকে। স্ত্রী এবং বাচ্চাটাকে সময় দেয়। এক সাথে বসে টেলিভিশন দেখে। গল্প গুজব করে। দশটার দিকে এক সাথে রাতের খাবার খায়।
খাবার শেষে স্ত্রী মিতা যখন দেড় বছরের শিশু পুত্র তুষারকে নিয়ে বিছানায় যায় তখন সে পড়ার টেবিলে বসে। আগামী দিনের ক্লাসের প্রস্তুতি নেয়। পড়ার টেবিলে কখনো রাত একটা কখনো আরও বেশি সময় ব্যয় করে। তারপর শুতে যায়। আজ রায়হান যখন বাসায় ফিরলো তখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে। তুষার ঘুমিয়ে পড়েছে। মিতা কেবল জেগে আছে।